নীলফামারী প্রতিনিধি : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬।
শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ন আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, কৃষক দলের সভাপতি মোগ্নি মাসুদুল আলম দুলাল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুর আলম।
দিবসটি উপলক্ষে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘হিমোগ্লোবিন’ এর উদ্যোগে একটি বিশেষ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’।
রক্তদাতার সংখ্যা বৃদ্ধি এবং রক্ত সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে অনুষ্ঠানে 'Hemoglobin Apps' ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ