আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহে বিজিএমইএর পক্ষ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কার্যক্রমের অংশ হিসেবে অনেক উদ্যোক্তা এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামী অর্থবছরে এটি আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। এতে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রঙ ও ডিজাইনের পোশাক, ব্যাগ ও জুতা থাকবে, যা সারা দেশে একই মান বজায় রাখবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রাথমিক শিক্ষার্থীরা বিনামূল্যে বই ও মিড-ডে মিল পাচ্ছে। নতুন উদ্যোগের ফলে তাদের পড়াশোনার জন্য বাড়তি কোনো খরচ আর বহন করতে হবে না বলে আশা করা হচ্ছে।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, তারা সরকারের এই উদ্যোগের পাশে থাকবে এবং ভবিষ্যতে স্কুল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাসসহ আরও সহায়তার পরিকল্পনাও রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ