| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ জেলায় বন্যার আশঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160642 বার পঠিত
৫ জেলায় বন্যার আশঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এসব এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর এর আগে জানিয়েছিল, গত ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী গত রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাতেও সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলা ও ফেনীতেও যথাক্রমে ১৫১ ও ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে দেশের চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো ভুগাই-কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। এর মধ্যে সোমেশ্বরী ও মগরা নদী নেত্রকোনার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভুগাই-কংস নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। 

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪