দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং লঘুচাপের প্রভাবে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়, যার ফলে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষরা।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ জুড়ে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
তিনি আরও জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত চলমান থাকবে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, যা বৃষ্টিপাতের এই ধারাকে অব্যাহত রাখছে।
হাফিজ/ আয়না নিউজ