| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রপাতের বিকট শব্দে ক্লাসে আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161439 বার পঠিত
বজ্রপাতের বিকট শব্দে ক্লাসে আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পৃথক দুইটি বিদ্যালয়ের মোট ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয় ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে থাকা সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। পরে দ্রুত তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো—অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার; সপ্তম শ্রেণির জান্নাত এবং নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরলেও বাকি পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে, একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে সবাই সুস্থ হয়ে ওঠে। পরে অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানান, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত চিকিৎসা সেবা পাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪