| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউ মার্কেটে গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161456 বার পঠিত
নিউ মার্কেটে গুলিতে  শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের বটতলা, শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত হেঁটে যাওয়ার সময় পেছন থেকে মাস্ক পরা এক যুবক টিটনকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ছোড়ে। পরে হামলাকারী কাছে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি করে, যার একটি তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান।

স্থানীয় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী কিশোর রতন জানান, হামলার সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে হামলাকারী একটি ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানিয়েছে, নিহত টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমন’-এর দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। টিটন সম্পর্কে ইমন তার শ্যালক।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, টিটন ১৯৯০-এর দশকের শুরুতে অপরাধ জগতে প্রবেশ করেন। প্রথমে স্থানীয় অপরাধী চক্রের সদস্য হিসেবে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি নিজস্ব শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা অন্যতম।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪