রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন মন্ডল একই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে চাকরি করতেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সাফিয়া তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, “সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ