| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 162850 বার পঠিত
আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান। এতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।

এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে। তিনি বলেন, “অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকেই দেননি—কিন্তু আমি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে অসহায় মানুষ বলতে পারে আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪