সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের আঘাতের ধরন ও অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গতকাল (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অন্যদিকে জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।
দুর্ঘটনা ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ