দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। বহিনীটিকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকেীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে সুন্দরবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সরকার বাহিনীটির সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ইতোমধ্যে আধুনিকায়নের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করতে প্রায় ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, জনবল বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাহিনীটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি জনগণের আস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু দমন এবং পরিবেশ সংরক্ষণে বাহিনীটির অবদান উল্লেখযোগ্য।
প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় অঞ্চলে উদ্ধার কার্যক্রমেও কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, নদীপথে চোরাচালান ও দস্যুতা দমনে বাহিনীটি নিরলসভাবে কাজ করছে। গত এক বছরে তারা কয়েকশ কোটি টাকার মাদক ও অবৈধ পণ্য জব্দ করেছে।
তবে তিনি স্বীকার করেন, বাহিনীতে এখনও জনবল সংকট রয়েছে। এই সংকট দূর করা গেলে দেশের নদীপথ, মৎস্য সম্পদ এবং যেকোনো জাতীয় সংকট মোকাবেলায় কোস্ট গার্ড আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
হাফিজ/ আয়না নিউজ