দেশের চারটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অধিদপ্তরের পরিচালক পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার ফলে সমুদ্রবন্দরগুলোকে পুনরায় ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকাসহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দুপুরের আগেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ