ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। গুরুতর আহত রিয়াজ মোল্লা (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। অভিযুক্ত আকাশ ওই এলাকার হারুন মোল্লার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা আহত রিয়াজ মোল্লাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের স্বজনরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায় এবং তাকে গ্রেফতারে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ