| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পোর্টসের হাত ধরে সাতক্ষীরা থেকে জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে: জেলা প্রশাসক

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 159 বার পঠিত
স্পোর্টসের হাত ধরে সাতক্ষীরা থেকে জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে: জেলা প্রশাসক

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজন উপলক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হবে। এর ফলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আফরোজা আখতার আরও বলেন, এই আয়োজন শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আয়োজনটি সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইন নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে, যা শেষ দিনে আরও বাড়তে পারে বলে আয়োজকরা আশা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে একটি কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটির গুরুত্ব তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেওয়া হয়।

মোমিন /হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪