আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় মোট ১৮ লাখ টন ধান ও চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে— ৫ লাখ টন বোরো ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল। পাশাপাশি ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সরকার নির্ধারিত দরে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।
এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
সভার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭–১৮ লাখ টন চাল মজুত আছে বলে জানানো হয়।
এছাড়া জানানো হয়, দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে দেশীয় উৎপাদন ৭০ থেকে ৭২ লাখ টন, আর বাকি প্রায় ৮ লাখ টন গম জি-টু-জি পদ্ধতিতে আমদানি করা হয়।
সরকারি এই সংগ্রহ কার্যক্রমকে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ