জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে স্পিকার তা তদন্তের নির্দেশ দেন এবং পাঁচ সদস্যের কমিটি গঠন করেন।
কমিটিতে এ.বি.এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক করে লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী ও মো. আবুল হাসনাতকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।