| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 267 বার পঠিত
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস-এর ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা যাতে সংশ্লিষ্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে না পারেন, সে জন্য এই পদক্ষেপ জরুরি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এসব ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ ধরনের লেনদেন তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

মামলায় অভিযোগ করা হয়, শেখ ফজলে নূর তাপস ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটির বেশি টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, আফরিন তাপসের বিরুদ্ধে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৭০ কোটির বেশি টাকা ও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রার অস্বাভাবিক লেনদেনের তথ্য উঠে এসেছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪