প্রশাসন নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ দখল স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। চলমান অভিযানে আজ ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, ‘আমরা সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে। এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’