| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 243628 বার পঠিত
এক হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ১ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১৮০ দিনের একটি কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই গুরুত্ব পেয়েছিল এবং বর্তমান সরকারও এ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সমাজে নৈতিক শিক্ষার গুরুত্ব বাড়াতে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

তবে এ ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের সনদ এবং কিরাত শিক্ষকের বিষয়টি নিয়ে কিছু জটিলতা রয়েছে বলে জানান তিনি। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় কিরাত বিষয়টি না থাকায় নিয়োগ প্রক্রিয়ায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব বিষয় দ্রুত সমাধান করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকে সমান গুরুত্ব দিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪