দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়িয়ে সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে সরকার।
স্বাস্থ্যখাতের উন্নয়নে দেশের যেসব হাসপাতাল দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো হবে, যাতে স্থানীয় পর্যায়েই মানুষ অধিকাংশ চিকিৎসাসেবা পেতে পারে। স্বাস্থ্যখাতে নতুন করে প্রায় এক লাখ কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এছাড়া নার্সদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।