ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ এর মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। আবার ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করেছে।
অপর ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবার কথা রয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে জানিয়েছে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
ইউএস-বাংলা টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে,এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।