সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নদীর পাড়ে থাকা আরও এক ব্যক্তি।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিলো। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুর আনুমানিক ২টার দিকে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী (৪০) মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে এলে তিনি মারা যান।
নিহতের ভাই আমজাদ হোসেন জানান, নূর হোসেনসহ কয়েকজন জেলে তাদের বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে নৌকার ওপর বসে থাকা নূর হোসেনের মৃত্যু হয়।
এসময় নদীর পাড়ে অবস্থানরত দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০) বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই পরিবার এবং সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মোমিন/ সূর্যয় / আয়না নিউজ