| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 208 বার পঠিত
উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাফ নদে সশস্ত্র গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, বুধবার দুপুর ২টার দিকে বাহারপাড়া সীমান্তসংলগ্ন নাফ নদের শূন্যরেখার কাছে মায়ানমার থেকে জেলের বেশে নৌকায় কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তির উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় টহলরত ৬৪ বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদসংলগ্ন বেড়িবাঁধে কৌশলগত অবস্থান নিয়ে সশস্ত্র গ্রুপটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সশস্ত্র ব্যক্তিরাও কয়েক রাউন্ড গুলি চালায়।

এক পর্যায়ে তারা তাদের ব্যবহৃত নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে মায়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির টহল দল নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি খালি ম্যাগাজিন, তিনটি ফাইবার খালি ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পাউচসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত ৩০ মে বিকেল ৫টা ৪৫ মিনিটে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলের বেশধারী দুই রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একই সশস্ত্র দল পালংখালীর এ ঘটনাতেও অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির জনবল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনতা এবং জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪