| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 437 বার পঠিত
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর

২০১৩ সালের এই দিন (২৪ এপ্রিল) ধসে পড়েছিল সাভারের পোশাক কারখানা রানা প্লাজা। আজ থেকে ঠিক তেরো বছর আগে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন শ্রমিকের পাশাপাশি আহত হন আরও প্রায় দুই হাজার শ্রমিক। ভবন ধসে বিপুলসংখ্যক শ্রমিকের মৃত্যুতে ৬টি মামলা দায়ের করা হলেও এসব মামলার বিচার শেষ হয়নি ১৩ বছরে।

‘অবহেলার কারণে মৃত্যু’ উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ,ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজউক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক। এছাড়া অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয় আরও দুটি মামলা। এর মধ্যে সম্পদের তথ্য গোপনের একটি মামলা নিস্পত্তি হলেও বাকি পাঁচটি মামলা এখনো ঝুলে আছে। আর মামলার নিস্পত্তি না হওয়ায় বিচারহীনভাবে ভবন মালিক সোহেল রানা কারাগারে আটক রয়েছেন। 

 বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৮ এর বিচারক মুহাম্মদ মুনির হোসাঈনের আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। সর্বশেষ গত ৩০ মার্চ মামলাটিতে ৩ জনের সাক্ষ্য নেওয়ার পর আগামী ৩০ এপ্রিল মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

আরও পড়ুন-      

শান্ত-মুস্তাফিজ ঝড়ে সিরিজ জয়

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়সাল মাহমুদ বলেন, তৎকালীন সরকারের মামলাটি নিয়ে একটি সদিচ্ছার অভাব ছিল। এটাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। তদন্ত প্রতিবেদন দাখিল করতেই দীর্ঘ সময় লেগে গেলেও রাষ্ট্রপক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় ছয় বছর উচ্চ আদালতের আদেশে এ মামলার বিচারকাজ স্থগিত ছিল। গত দেড় বছরে আমরা অনেক ‘প্রগ্রেস’ করেছি। ১০০ জনের বেশি সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুত আমরা রায়ের পর্যায়ে যাব। রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির বিচার দ্রত শেষ করার চেষ্টা চলছে।

এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে কুলু খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফায়েত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মাদ আলী খান, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নিউওয়েব বাটন লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান, সাইট ইঞ্জিনিয়ার মো. সারোয়ার কামাল, আমিনুল ইসলাম, নিউওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস, ইথার টেক্সটাইলের চেয়ারম্যান আনিসুর রহমান ওরফে আনিসুজ্জামান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রকৌশলী রফিকুল ইসলাম, গার্মেন্টস ব্যবসায়ী মাহবুবুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, নান্টু কন্ট্রাকটার ও রেজাউল ইসলাম।

তৎকালীন বিচারক কে এম ইমরুল কায়েস ২০১৭ সালের ২৯ আগস্ট এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। রায়ে সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার মা মর্জিনা বেগমকেও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সাভার বাজার রোডের ৬৯/১ বাড়িটির এক-তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪