পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রথম ধাপে ১৫২টি আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এই ধাপে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম।
নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা। পাশাপাশি আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে।
তবে ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ