বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হলেও দেশে জনগণের স্বার্থ বিবেচনায় খুব সামান্য হারে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এত বড় অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও সরকার জনগণের কষ্ট লাঘবের বিষয়টি গুরুত্ব দিয়ে বড় ধরনের মূল্যবৃদ্ধি এড়িয়ে গেছে।
মন্ত্রী আরও জানান, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে যে দামে জ্বালানি পাওয়া যেত, বর্তমানে তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। এই পরিস্থিতিতে সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই সরকার অতিরিক্ত ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং সীমিত পরিসরে জ্বালানির দাম সমন্বয় করেছে।
হাফিজ/ আয়না নিউজ