কক্সবাজারের টেকনাফে মাদক, জুয়া ও মানবপাচারবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং খুব শিগগিরই সারা দেশে বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে মাদক ছাড়াও জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। যুবসমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফেরাতে সরকার গবেষণা ও আইনি কাঠামো শক্তিশালী করার কাজ করছে। অনলাইন জুয়ার সিন্ডিকেট চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে বিশেষ সেল গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার অঞ্চলে কিছু অসাধু চক্রের কারণে এই অপরাধ প্রকট আকার ধারণ করেছে। এ ধরনের অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত হয়ে করেন তারেক রহমান। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও কৃষি সহায়তা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল এবং আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। এছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ