| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচারিক নিষ্পত্তি

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 197466 বার পঠিত
রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচারিক নিষ্পত্তি

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২৫ বছর পার হলেও হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় একাধিক আসামির মৃত্যু ঘটেছে। গত বছর হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা হ্রাস পেলেও পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ না হওয়ায় উভয় পক্ষই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায় আগামী বৈশাখের আগেই ঘোষণা হতে পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত নিষ্পত্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

২০০১ সালের ওই হামলায় ১০ জন নিহত হন। পরে ২০০৮ সালে অপরাধ তদন্ত বিভাগ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করে।

২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় প্রধান আসামি মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা হ্রাস করা হয়।

আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ না হওয়ায় তারা আপিল করতে পারছেন না। তাদের মতে, রায় প্রকাশের পরই আপিল বিভাগে শুনানি সম্ভব হবে এবং চূড়ান্ত নিষ্পত্তি আসবে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, রায় প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এবং তা প্রকাশের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি সাক্ষ্যগ্রহণ শেষ করে বর্তমানে পরবর্তী ধাপে রয়েছে। আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪