নতুন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিন পহেলা বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে রওনা দেন সরকারপ্রধান তারেক রহমান, পরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই ‘কৃষক কার্ড’ কর্মসূচিটি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচি চালুর কথাও জানানো হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে। এতে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত থাকবেন।
তিনি আরও জানান, ‘কৃষক কার্ড’ সুবিধার আওতায় প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন, যা কৃষি কার্যক্রমে সহায়তা করবে।
সরকারের এ উদ্যোগ কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ