অ-ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫–২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।
সোমবার (১৩ এপ্রিল) জারি করা এক আদেশে এনবিআর জানায়, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) ব্যতীত অন্যান্য সব ধরনের করদাতার ক্ষেত্রে এই সময় বৃদ্ধি প্রযোজ্য হবে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো অতিরিক্ত সময় পাচ্ছে।
আদেশে আরও বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে, তাদের জন্যও রিটার্ন দাখিলের সময়সীমা পুনরায় বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সময় বৃদ্ধি ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ অন্যান্য অ-ব্যক্তিগত করদাতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। অনেক প্রতিষ্ঠান সময়মতো হিসাব সম্পন্ন করতে না পারায় যে চাপের মধ্যে ছিল, এই অতিরিক্ত সময় তা কিছুটা লাঘব করবে।
এনবিআর আশা করছে, বর্ধিত সময়সীমার মধ্যে সব করদাতা তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া আরও গতিশীল হবে।
হাফিজ/ আয়না নিউজ