রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকা প্রণয়নে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।
ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকায় যাদের নাম আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা চূড়ান্ত হওয়ার পর যেকোনো সময় অভিযান শুরু করা হতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টিসহ সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে।
ভুক্তভোগীরা অনেক সময় ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, সেসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই তালিকা তৈরি করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রস্তুত করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ