| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 204222 বার পঠিত
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আনা আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এই চালানের জ্বালানি গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।

তিনি জানান, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে নির্ধারিত আমদানির মধ্যে ইতোমধ্যে একটি চালান সম্পন্ন হয়েছে এবং বাকি চালানগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে।

এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানের মাধ্যমে বাংলাদেশে পাইপলাইনে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়।

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ডিজেল বিতরণ করা হয়।

২০১৮ সালে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি শুরু হয়।

চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছর ভারত থেকে ডিজেল সরবরাহ করা হবে এবং বছরে প্রায় ২ থেকে ৩ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি করা যাবে। প্রয়োজনে ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪