বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদালত পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকেও ১০ বছর এবং বেরোবির প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
রায়ের কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।
মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। অভিযোগ গঠন হয় ৬ আগস্ট, এবং ২৭ আগস্ট থেকে বিচার শুরু হয়। মামলায় মোট ২৫ জন সাক্ষ্য প্রদান করেন, যার মধ্যে ছিলেন তদন্ত কর্মকর্তা।
মামলার ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার ও কারাগারে রয়েছেন। তারা হলেন: পুলিশের উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ নিহত হন। হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
হাফিজ/ আয়না নিউজ