| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 208939 বার পঠিত
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় আজ রায় ঘোষণা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে এই রায় দেয়া হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে গ্রেফতার ছয় আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালে হাজির করা ছয় আসামি হলেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয়। পরবর্তীতে তা যাচাই-বাছাই শেষে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। একই দিন অভিযোগ আমলে নিয়ে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর শুনানি শেষে ৬ আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হয় এবং পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ পর্ব শেষে চলতি বছরের ১৩ জানুয়ারি এ কার্যক্রম শেষ হয়। এতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যার সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিক উন্মোচনে সহায়ক হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সাক্ষ্যগ্রহণ শেষে ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় এবং ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪