| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবিতে ‘বাপ-মায়ের দোয়া’ কমিটি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 209803 বার পঠিত
বিসিবিতে ‘বাপ-মায়ের দোয়া’ কমিটি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রীড়া খাতে ক্ষমতার অপব্যবহার করে ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবকে প্রভাবিত করা হয়েছিলো। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তের মাধ্যমে অনিয়ম প্রমাণিত হওয়ায় বিসিবির পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখানে কোনো পক্ষপাতমূলক কমিটি করিনি। তদন্তের ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, এতদিন ‘মায়ের দোয়া’ পরিবহনের কথা শুনেছি, আজ ‘বাপের দোয়া’ কমিটির কথাও শুনলাম।”

এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন আর স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি একটি পক্ষবিশেষের নিয়ন্ত্রণে চলে গেছে।

অন্যদিকে একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস করা হয়েছে। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সংশোধনীর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিলটি নিয়ে আপত্তি জানিয়ে বলেন, তাঁরা বিলের তুলনামূলক বিবরণী হাতে পেয়েছেন অল্প কিছুক্ষণ আগে, যা পর্যাপ্তভাবে পর্যালোচনা করা সম্ভব হয়নি। তিনি বিষয়টি আরও সময় নিয়ে আলোচনার দাবি জানান।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি না তোলায় এ পর্যায়ে এসে তা গ্রহণযোগ্য নয়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

উল্লেখ্য, সংশোধিত আইনের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার আগে থেকেই নিয়েছিল।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪