বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আদালতে তোলা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। আদালত সূত্র জানায়, দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে আদালত প্রাঙ্গণে আনা হলে প্রথমে হাজতখানায় রাখা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা-এর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ভোরে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিনকে হেফাজতে নেয়া হয়।
মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি নিজেই।
ওই মামলায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অন্যতম আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
সাবেক স্পিকারকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।