করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন ক্রয়ে এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবিলায় সরকার ভ্যাকসিনসহ অন্যান্য করোনা সরঞ্জামাদি আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছরে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এই বরাদ্দের মধ্যে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে।
ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতের ব্যয় সম্পর্কেও মন্ত্রী জানান, ভ্যাকসিন প্রদানের জন্য সিরিঞ্জ ক্রয়ে খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিবহন খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা, এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে খরচ হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।
সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সরকার সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ