আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার সহজতর করার লক্ষ্যে জাতীয় সংসদে পাস হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’। নতুন সংশোধনী অনুযায়ী গুম বা Enforced Disappearance কে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিল উপস্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, গুম আগে মানবতাবিরোধী অপরাধের তালিকায় ছিল না; এখন অন্তর্ভুক্ত করে আমাদের সদিচ্ছা প্রকাশ করেছি। এর মাধ্যমে গুমের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের প্রতিজ্ঞা স্পষ্ট হলো।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “নির্দিষ্ট সময় এলে আলোচনায় অংশগ্রহণ করব। এ মুহূর্তে আর কিছু বলব না।”
সংসদের আলোচনায় স্পিকার মন্ত্রীকে মনে করিয়ে দেন, “সংসদে বাইরের কথা শোনার প্রয়োজন নেই। আপনার বক্তব্য সংসদ ও সদস্যদের সীমাবদ্ধ রাখুন।”
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের অংশ হিসেবে এই বিল উত্থাপন করা হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, বিল পাসের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি ভিত্তি আরও দৃঢ় হলো।
হাফিজ/ আয়না নিউজ