| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: সংসদে অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 211910 বার পঠিত
মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: সংসদে অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করতে সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সরকার এর চেয়েও বড় লক্ষ্যে এগোচ্ছে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ ইকোনমি এবং স্পোর্টস ইকোনমিকে গুরুত্ব দিয়ে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

সরকার জানায়, মাথাপিছু আয় বাড়াতে কোনো একক খাতের ওপর নির্ভর না করে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে জোর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, প্রবাস আয় বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদার করা।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন, আইটি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্পায়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং নতুন শিল্প স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী ও যুব উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ সহজ করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ চলছে।

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন রয়েছে এবং বাকিগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সরকারের এই সমন্বিত উদ্যোগ একদিকে জনগণের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে, অন্যদিকে ২০৩৪ সালের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪