জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সংশোধিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলোর ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। এসব শাখা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা কার্যকর থাকবে।
এর আগে, গত ২ এপ্রিল সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।