সংবিধান সংশোধনে সরকার আন্তরিক এবং অচিরেই এ বিষয়ে সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন,সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে খুব শিগগিরই একটি কমিটি করা হবে। কতজন সদস্য থাকবেন তা চূড়ান্ত হয়নি, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা বিরোধী দলকেও চাই। আমাদের সদিচ্ছা আছে এবং আশা করি তারা এতে অংশগ্রহণ করবেন।
সরকার দলীয় চিফ হুইপ যোগ করেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকেও সঙ্গে চাই।