প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান।
বৈঠকটি সংক্ষিপ্ত হলেও দুই নেতা প্রায় ২০ মিনিট আলাপচারিতা করেন। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন, যা উপস্থিতদের প্রশংসা কুড়ায়।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় অংশ নেন দুই নেতা। জানাজার পর ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে কথা বলার আগ্রহ প্রকাশ করলে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে দুই নেতা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সবসময় সকলকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান এবং তার এই আচরণ সাধারণ মানুষের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে।