জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেন, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েকে রেখে গেছেন। শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।