সিলেট থেকে দেশব্যাপী নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার ( ৩০ মার্চ )যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। কিছু সময় বন্ধ থাকলেও বর্তমানে এটি আবার বাংলাদেশ টেলিভিশন-এ সম্প্রচারিত হচ্ছে। এবার ক্রীড়া প্রতিভা উদ্ভাবনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, ক্রীড়া শুধু শখ বা বিনোদন নয়, বরং আজ বিশ্বব্যাপী এটি পেশা হিসেবে স্বীকৃত। বর্তমান সরকার খেলোয়াড়দের পেশা হিসেবে নিরাপদ ও স্থায়ী আয়ের সুযোগ প্রদানে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। প্রথমবারের মতো দেশের ইতিহাসে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে এবং ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যেসব শিশুরা যে খেলায় ভালো করবে এবং আনন্দ পাবে, তারা তার মাধ্যমে স্বপ্ন পূরণ ও পেশা হিসেবে নিরাপদভাবে খেলাধুলা চালিয়ে যেতে পারবে।