| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোট অধ্যাদেশ আর বিল হচ্ছে না, উঠছে না সংসদে

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 224983 বার পঠিত
গণভোট অধ্যাদেশ আর বিল হচ্ছে না, উঠছে না সংসদে

গণভোট আয়োজনের জন্য জারি করা অধ্যাদেশটি আর বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্দিষ্ট উদ্দেশ্যে জারি করা এই অধ্যাদেশের কার্যকারিতা ইতোমধ্যেই শেষ হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল, সেই গণভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হবে না। তাই এটিকে আইন হিসেবে পাস করার প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়েছে এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে গণভোট অধ্যাদেশটি স্থায়ী আইন নয়, বরং একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্যই প্রণয়ন করা হয়েছিল।

বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বর্তমান অবস্থাতেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে সংসদে আনা হবে।

তিনি জানান, সময় স্বল্পতার কারণে আগামী ১০ তারিখের মধ্যে সব অধ্যাদেশ বিল আকারে আনা সম্ভব হবে না। যেসব অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে বিল হিসেবে উত্থাপন করা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পরবর্তী অধিবেশনে পুনরায় বিল হিসেবে উত্থাপন করা হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪