| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়কমন্ত্রী

  • আপডেট টাইম: 29-03-2026 ইং
  • 226458 বার পঠিত
ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়কমন্ত্রী

এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা জোরদারে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমি মনে করি এবারের ঈদের যাত্রা স্মুথ হয়েছে। দেড় কোটি মানুষ মাত্র তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখিত। একটি প্রাণহানিও কাম্য নয়।

তিনি আরও বলেন, অতীতে দীর্ঘ যানজট, পরিবহন সংকট এবং ঈদের দিনেও পথে আটকে থাকার মতো পরিস্থিতি দেখা গেলেও এবার সেই তুলনায় অনেক মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।

দুর্ঘটনার দায় প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হচ্ছে না। তবে যেসব ক্ষেত্রে প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে, সেখানে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, রেলের একটি ঘটনায় জড়িত দুই গার্ডকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে ওই কোম্পানির সব বাসের রুট পারমিট বাতিল করা হতে পারে।

নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থাগুলোর তথ্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী গত ১১ দিনে সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুগুলো অন্যান্য সড়কে ঘটেছে।

গত বছরের একই সময়ে নিহতের সংখ্যা ছিল ১৮৭ জন উল্লেখ করে তিনি বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। তবে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং ভবিষ্যতে আরও কমিয়ে আনতে কাজ করছি।”

তিনি জানান, সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে সরকার নিয়মিত প্রস্তুতি সভা ও পর্যালোচনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪