| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ কর্মসূচি

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 241287 বার পঠিত
প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ কর্মসূচি

দায়িত্ব গ্রহণের প্রথম ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপ তুলে ধরে এটিকে “অভূতপূর্ব কর্মযজ্ঞ” হিসেবে আখ্যায়িত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন দাবি করেন, সরকারের প্রথম মাসেই সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।

পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে সামাজিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানী চালু এবং ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ উল্লেখযোগ্য।

কৃষি খাতে কৃষক কার্ড প্রদান ও ক্ষুদ্র কৃষকদের ঋণ মওকুফের পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলে জানানো হয়। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সরকারি অফিসে সময়ানুবর্তিতা জোরদার, ভিভিআইপি প্রটোকল কমানো এবং সংসদ সদস্যদের কিছু বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্তও তুলে ধরা হয়।

অর্থনৈতিক খাতে বাজার নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালুর উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা এবং শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যসেবায় ই-হেলথ কার্ড চালু ও বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, নারীদের নিরাপত্তায় ‘পিংক বাস’ চালুর নির্দেশ এবং ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা কার্যক্রমের কথাও পোস্টে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাষ্ট্রীয় ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর মতো পদক্ষেপগুলোকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনের এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪