| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২৮১ জনের

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 205 বার পঠিত
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২৮১ জনের

ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। রোড সেফটি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদযাত্রা কেন্দ্রিক ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গড়ে প্রতিদিন প্রায় ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মোট নিহতের মধ্যে বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। এছাড়া নিহতদের মধ্যে ৩৪ জন নারী, ৪৮ জন শিশু এবং ৩৭ জন পথচারী রয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে।

সংস্থাটির মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং কিশোর-তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো এগুলোই দুর্ঘটনার প্রধান কারণ।

একই সময়ে নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। রেলপথে ২২টি দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৯ জন আহত হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রাণহানি কিছুটা কমলেও সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, রেল ও নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এছাড়া জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) শক্তিশালীকরণ, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ-এর সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং সমন্বিত পরিবহন ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪