বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-এর বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার এবং চারটি কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় যুবক বংশীপুর গোলচত্বরে আসে। তারা সেখানে একটি টায়ারে আগুন ধরিয়ে স্লোগান দেয় এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বাজারের নৈশপ্রহরীরা চিৎকার করলে তারা মোটরসাইকেলে করে দ্রুত ভেটখালীর দিকে পালিয়ে যায়।
পরে নৈশপ্রহরীদের একজন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে বাংলাদেশ পুলিশ-এর শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
আরও পড়ুন :
সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু
পুলিশের প্রাথমিক ধারণা, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার উদ্দেশ্যে গভীর রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ