বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙন রোধে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (১৭ মে) দুপুরে শিবালয় উপজেলার বরুরিয়া এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রটেকটিভ জিও ব্যাগ ফেলে আগামীকাল থেকেই যাতে এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়, সে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা দ্রুত পদক্ষেপ নিতে এখানে এসেছি।”
তিনি আরও জানান, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হবে এবং বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে মানিকগঞ্জের মানুষকে নদী ভাঙন ও বন্যা নিয়ে আর উদ্বিগ্ন থাকতে হবে না।
এছাড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে অন্তর্ভুক্ত করে প্রায় ২,৬০০ কোটি টাকার আরেকটি বড় প্রকল্পও গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আরও পড়ুন :
মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর জানান, ভাঙন কবলিত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দোহার উপজেলার নদী ভাঙ্গন পরিদর্শনে যান।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ