বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এ সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল। এতে চরম দুর্ভোগে পড়েন আশপাশের প্রায় ২০ গ্রামের হাজারো মানুষ। অবশেষে এক প্রবাসীর মানবিক উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কার কাজ, ফলে এলাকাবাসীর মাঝে ফিরেছে স্বস্তি।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় তরুণ, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজে অংশ নিচ্ছেন। কেউ মাথায় করে ইট বহন করছেন, কেউ হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন, আবার কেউ গর্ত ভরাট করছেন। স্বেচ্ছাশ্রমে চলছে ভাঙা অংশ মেরামতের কাজ, যা এলাকায় এক ব্যতিক্রমী মানবিক চিত্র তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ভরে ছোট জলাশয়ে পরিণত হতো। এতে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে জানান তারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিলেন কৃষকেরা, যাদের ফসল বাজারে নিতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় করতে হতো।
কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, “এই রাস্তাটার কারণে আমরা বছরের পর বছর কষ্ট করেছি। এখন সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে।”
স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “এই সড়কটি বাজারের ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অন্তত যান চলাচলের পরিবেশ তৈরি হচ্ছে।”
অটোরিকশা চালক সোহেল রানা বলেন, “আগে এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই ক্ষতি হতো। এখন আমরা অনেক স্বস্তিতে আছি।”
কৃষক রহিম উদ্দিন জানান, “ফসল বাজারে নিতে খুব সমস্যা হতো। এখন রাস্তা কিছুটা ভালো হওয়ায় আমরা উপকৃত হবো।”
আরও পড়ুন :
মুক্তিপনের দাবিতে সুন্দরবনে আবারো আট জেলে অপহরণ
জানা গেছে, দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা জানতে পেরে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। তিনি কুয়ালালামপুর শাখা যুবদলের নেতা এবং কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের ছেলে। নিজ অর্থায়নে সড়কের জন্য ইট ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় সংস্কার কাজ, যা এখন দ্রুত এগিয়ে চলছে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ